
টাকা ভাঙতি দেওয়াকে কেন্দ্র করে তুচ্ছ বিরোধের জেরে রাজশাহীতে বারিউল ইসলাম (৪০) নামের এক ভ্যারাইটি স্টোর ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় হামলাকারীরা দোকান ভাঙচুর, লুটপাট ও পেট্রোল বোমা হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে একটার দিকে রাজশাহী নগরীর ডিঙাডোবা এলাকায়। নিহত বারিউল ইসলাম ওই এলাকার ‘তানভীর ভ্যারাইটি স্টোর’-এর স্বত্বাধিকারী ছিলেন।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় দোকানে ভাঙতি টাকা চাওয়া নিয়ে কয়েকজন যুবকের সঙ্গে দোকানদারের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে স্থানীয় লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও যাওয়ার সময় হামলাকারীরা দেখে নেওয়ার হুমকি দিয়ে যায়। পরে রাত পৌনে ১টার দিকে ৪০ থেকে ৫০ জনের একটি সশস্ত্র দল রামদা ও ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা দোকান ভাঙচুর ও লুটপাট করে এবং বারিউল ইসলামকে ধাওয়া দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হামলায় বাঁচাতে গিয়ে আরও কয়েকজন আহত হয়েছেন।
রোববার দুপুরে ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং বাদ আসর মহিষবাথান কবরস্থানে দাফন সম্পন্ন হয়। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং নিহতের পরিবার এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসি দাবি করেছেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে রাজশাহী নগরীর রাজপাড়া থানায় কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। রাজপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, মামলা দায়েরের পর আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :