মুক্ত স্বদেশ ২৪ ঘণ্টা সেবা দেবে দেশের প্রতিটি বন্দর: প্রধানমন্ত্রী | মুক্ত স্বদেশ

২৪ ঘণ্টা সেবা দেবে দেশের প্রতিটি বন্দর: প্রধানমন্ত্রী


নিউজ ডেস্ক অগাস্ট ১, ২০২৬, ৮:৩৭ অপরাহ্ন
২৪ ঘণ্টা সেবা দেবে দেশের প্রতিটি বন্দর: প্রধানমন্ত্রী

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল করতে দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১ আগস্ট) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, বেসরকারি খাতের প্রতিনিধিরা চট্টগ্রাম বন্দর ও ঢাকা বিমানবন্দরে বাণিজ্যিক কার্যক্রম ২৪ ঘণ্টা চালু রাখার প্রস্তাব দিয়েছিলেন। সেই প্রস্তাবের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে উদ্যোগ নিয়ে দেশের প্রতিটি বন্দরকে ২৪ ঘণ্টা সেবাদানের উপযোগী করার জন্য নির্দেশ দিয়েছেন। সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

মাহদী আমিন আরও জানান, দীর্ঘ এই বৈঠকে দেশে বেসরকারি খাতের চ্যালেঞ্জ, বিদ্যমান প্রতিবন্ধকতা ও সার্বিক বিনিয়োগ পরিবেশ নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হয়েছে। বিশেষ করে বেজা ও বেপজাসহ বিভিন্ন ইকোনমিক জোনে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা এবং জটিলতা নিরসনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা উল্লেখ করেন, বর্তমান সরকার একটি ব্যবসা ও বিনিয়োগবান্ধব নীতির মাধ্যমে তরুণ ও নারীদের বিপুল কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এ মূলমন্ত্র ধারণ করে ব্যবসায়িক পলিসি সংক্রান্ত বিভিন্ন প্রস্তাবনায় প্রধানমন্ত্রী তাৎক্ষণিক সিদ্ধান্ত দেওয়ায় উপস্থিত শিল্পপতি ও ব্যবসায়ী প্রতিনিধিরা সন্তোষ প্রকাশ করেছেন।

বৈঠকে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং সরকারের বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।