মুক্ত স্বদেশ বাইরে থেকে তালাবদ্ধ বাড়ি, ভেতরে মিলল চার মরদেহ | মুক্ত স্বদেশ

বাইরে থেকে তালাবদ্ধ বাড়ি, ভেতরে মিলল চার মরদেহ


নিউজ ডেস্ক অগাস্ট ২৩, ২০২৬, ৯:২৭ পূর্বাহ্ন
বাইরে থেকে তালাবদ্ধ বাড়ি, ভেতরে মিলল চার মরদেহ

রংপুরে বাইরে থেকে তালাবদ্ধ একটি দোতলা বাড়ি থেকে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষক, তাঁর স্ত্রী ও দুই সন্তানের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হলেও ঘটনাটি ঘিরে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন—অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী বালা (৫০), মেয়ে প্রার্থী চক্রবর্তী (২৫) এবং ছেলে প্রীয়ম চক্রবর্তী (১২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে ওই বাড়িটি বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় ছিল। পরবর্তীতে গতকাল বাড়িটির ভেতর থেকে তীব্র দুর্গন্ধ ছড়ালে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তাঁরা পুলিশকে খবর দিলে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে মূল গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ বাড়ির বিভিন্ন স্থান থেকে চারজনের মরদেহ উদ্ধার করে।

উদ্ধার অভিযোগের বিষয়ে রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের জানান, দোতলা বাড়ির বিভিন্ন স্থান থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ছেলের মরদেহ দোতলার একটি ঘরের খাটের নিচ থেকে, স্ত্রী ও মেয়ের মরদেহ তিনতলায় ওঠার সিঁড়ি থেকে এবং গৃহকর্তার মরদেহ ছাদ থেকে পাওয়া যায়।

ঘটনার পরপরই অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড কিংবা কোনো মর্মান্তিক পারিবারিক ঘটনা হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার পেছনের সময় এখনো নিশ্চিত করা যায়নি।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদ জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। রহস্য উদঘাটনে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করছে।