মুক্ত স্বদেশ ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা, রেস্তোরাঁয় আগুন | মুক্ত স্বদেশ

ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা, রেস্তোরাঁয় আগুন


নিউজ ডেস্ক জুন ২৪, ২০২৬, ৭:৫৫ অপরাহ্ন
ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা, রেস্তোরাঁয় আগুন

গাইবান্ধা সদর উপজেলায় প্রথম শ্রেণিতে পড়ুয়া ছয় বছর বয়সী এক শিশুকে ফাস্টফুডের দোকানে ডেকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত রেস্তোরাঁ ম্যানেজারকে পুলিশে সোপর্দ করার পর উত্তেজিত জনতা ওই দোকানে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। বুধবার (২৪ জুন) দুপুরে সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের ঘাঘট নদীর তীরে অবস্থিত ‘জাফলং চাইনিজ ফাস্টফুড’ রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তির নাম আমির হোসেন (৫০)। তিনি সদর উপজেলার দাড়িয়াপুর বাজার এলাকার বাসিন্দা এবং ওই রেস্তোরাঁর ম্যানেজার হিসেবে কর্মরত। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং রেস্তোরাঁটির পাশের বাইরবন এলাকার বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে শিশুটিকে কৌশলে রেস্তোরাঁর ভেতরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান ম্যানেজার আমির হোসেন। বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজনের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তারা তাৎক্ষণিকভাবে রেস্তোরাঁটি ঘেরাও করে অভিযুক্ত ম্যানেজারকে ভেতরে অবরুদ্ধ করে রাখেন।

খবর পেয়ে গাইবান্ধা সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় এক ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ অভিযুক্ত আমিরকে আটক করে থানায় নিয়ে যায়। তবে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করার পরপরই উত্তেজিত জনতা রেস্তোরাঁটিতে ব্যাপক ভাঙচুর চালায় এবং একপর্যায়ে আগুন ধরিয়ে দেয়।

গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মো. শেখ মুত্তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে স্থানীয় জনতার সহায়তায় ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।