মুক্ত স্বদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত | মুক্ত স্বদেশ

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত


নিউজ ডেস্ক জুন ১৩, ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

মৌলভীবাজারের কুলাউড়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মুজিবুর রহমান (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্ত এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত মুজিবুর রহমান উপজেলার দত্তগ্রাম এলাকার মৃত অজিবুর রহমানের ছেলে। খবর পেয়ে স্থানীয় দত্তগ্রাম বিজিবি ক্যাম্পের সদস্যরা ও পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছে। এদিকে ভারতীয় এক গণমাধ্যমকর্মী শুক্রবার রাতে জানান, নিহত মুজিবুর রহমানের লাশ ভারতের উনকোটি জেলা হাসপাতালে রয়েছে।

শনিবার ময়নাতদন্ত করে লাশ বাংলাদেশে পাঠানোর কথা রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দত্তগ্রাম সীমান্ত বর্ডার গার্ড বাংলাদেশের শ্রীমঙ্গল ব্যাটালিয়ন ৪৬ বিজিবির আওতায় পড়েছে। মুজিবুর রহমানসহ স্থানীয় এলাকার ৬-৭ জন যুবক শুক্রবার সন্ধ্যায় দত্তগ্রাম সীমান্তের লখাইরচড় এলাকায় ভারতীয় চোরাই মাল আনতে গিয়েছিলেন। এ সময় ভারতের লাটিয়াপুড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলে মুজিবুর মারা যান এবং তাঁর সঙ্গে থাকা বাকিরা পালিয়ে এসে রক্ষা পান।

স্থানীয় ইউপি সদস্য জয়নুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত মুজিবুর রহমানের পরিবারের কাছ থেকে তিনি বিষয়টি জেনেছেন। চোরাই মালামাল আনতে গিয়ে বিএসএফের গুলিতে মুজিবুর মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে ঘটনাস্থলে বিজিবির সঙ্গে নিহতের ভাই আজিজুর রয়েছেন। সে ফোনে জানিয়েছে, তার ভাইয়ের লাশ বিএসএফ ভারতের হাসপাতালে নিয়ে গেছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, গুলিবিদ্ধ হয়ে মুজিবুর রহমান মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশের একটি টিম গিয়েছে।