মুক্ত স্বদেশ গোলাপ জলে ধুয়ে ব্রাজিল ছাড়লেন ফরিদপুরের সৌরভ | মুক্ত স্বদেশ

গোলাপ জলে ধুয়ে ব্রাজিল ছাড়লেন ফরিদপুরের সৌরভ


নিউজ ডেস্ক জুন ১১, ২০২৬, ৬:৩১ অপরাহ্ন
গোলাপ জলে ধুয়ে ব্রাজিল ছাড়লেন ফরিদপুরের সৌরভ

প্রিয় দল ব্রাজিলের জার্সি খুলে ফ্রান্সের জার্সি গায়ে জড়িয়ে আলোড়ন সৃষ্টি করেছেন ফরিদপুরের জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা করব জয়’-এর সভাপতি ডা. আহমেদ সৌরভ। দীর্ঘ ২০ বছরের দল পরিবর্তনের এই ব্যতিক্রমী প্রক্রিয়াটি সম্পন্ন করতে তিনি নিজেকে গোলাপ জলে ধুয়ে পরিশুদ্ধ করেন।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে ফরিদপুর জেলা স্কুলের পেছনের মাঠে এই ঘটনা ঘটে। এ সময় সৌরভের দল ছাড়ার সিদ্ধান্তে উপস্থিত আর্জেন্টিনার সমর্থকরা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন। আহমেদ সৌরভ বলেন, “২০ বছরের ভালোবাসার দল ব্রাজিল ছেড়ে স্বেচ্ছায়-সজ্ঞানে আজ থেকে ফ্রান্সের সমর্থক হলাম। তবে ব্রাজিল ছাড়লেও আমি আর্জেন্টিনায় যাব না, বরং তাদের শক্ত প্রতিপক্ষ ফ্রান্সের সমর্থক হয়েছি।”

খেলাধুলা নিয়ে সমর্থকদের মারামারি-হাতাহাতি থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ফুটবল একটি বিশুদ্ধ বিনোদন। ব্রাজিলকে সমর্থন করার কারণে অনেক লাঞ্ছনা-গঞ্জনা সহ্য করেছি। তাই মনে হলো এবার নতুন ভালোবাসার সন্ধান করা দরকার, সেই জায়গা থেকেই ফ্রান্সকে বেছে নেওয়া। আর্জেন্টিনার সমর্থকরা আমাকে দলে টানতে অনেক প্রলোভন দেখালেও আমি সেই ফাঁদে পা দিইনি। ২০২৬ সালের বিশ্বকাপ ফ্রান্সের হাতেই যাবে বলে আমার বিশ্বাস।” জার্সি বদল শেষে মাঠে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করেন তিনি।