মুক্ত স্বদেশ কফিনে বন্দী প্রবাসীর স্বপ্ন: ৫০ দিন পর ফিরল লাশ | মুক্ত স্বদেশ

কফিনে বন্দী প্রবাসীর স্বপ্ন: ৫০ দিন পর ফিরল লাশ


নিউজ ডেস্ক মে ১৩, ২০২৬, ১:১২ অপরাহ্ন
কফিনে বন্দী প্রবাসীর স্বপ্ন: ৫০ দিন পর ফিরল লাশ

বাবা-মায়ের আদরের প্রবাসী ছেলে বাড়িতে ফিরেছেন ঠিকই, তবে সবার মুখে হাসি ফোটাতে নয়, বরং সবাইকে কাঁদিয়ে প্রাণহীন কফিন বন্দী নিথর দেহ হয়ে। যেখানে হাসিমুখে তাকে বরণ করে নেওয়ার কথা ছিল, সেখানে গ্রামজুড়ে এখন কেবলই আহাজারি আর শোকের মাতম।

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার দক্ষিণ জামশা গ্রামের সৌদি প্রবাসী শাহীনুর ইসলাম শাহীন (৩৫) গত ২৬ মার্চ রিয়াদের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মঙ্গলবার (১২ মে) রাত ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ এসে পৌঁছালে স্বজনদের কাছে তা হস্তান্তর করে কর্তৃপক্ষ। শাহীন স্থানীয় নাসির উদ্দিনের ছেলে।

ভাগ্যের নির্মম পরিহাস:

পারিবারিক সূত্রে জানা যায়, দুই সন্তানের জনক শাহীন পরিবারের স্বচ্ছলতা ফেরাতে ২০২২ সালের আগস্টে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু বিদেশে যাওয়ার কয়েক মাস পরই দালালের খপ্পরে পড়ে তিনি অবৈধ হয়ে পড়েন। বৈধ কাগজপত্র না থাকায় এক পর্যায়ে কর্মহীন হয়ে চরম আর্থিক সংকটে পড়েন তিনি। দুশ্চিন্তা ও মানসিক চাপে গত জানুয়ারিতে শাহীন ব্রেইন স্ট্রোক করেন। দীর্ঘ চিকিৎসা শেষে গত ২৬ মার্চ তার মৃত্যুর খবর আসে দেশে। সরকারি নানা প্রক্রিয়া শেষে মৃত্যুর প্রায় ৫০ দিন পর তার মরদেহ বাংলাদেশে এসে পৌঁছায়।

গ্রামে শোকের ছায়া:

বুধবার সকালে শাহীনের কফিন বন্দী মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। প্রিয়জনকে হারিয়ে স্ত্রী-সন্তান ও বৃদ্ধ পিতা-মাতার গগনবিদারী আর্তনাদে ভারী হয়ে ওঠে চারপাশ। সকাল ৯টায় জানাজা শেষে স্থানীয় একটি কবরস্থানে তাকে দাফন করা হয়। ভাগ্য বদলের যে স্বপ্ন নিয়ে শাহীন দেশ ছেড়েছিলেন, সেই স্বপ্ন এখন কফিনে বন্দী হয়ে চিরতরে ধুলোয় মিশে গেল।