মুক্ত স্বদেশ সড়ক দুর্ঘটনায় সাংবাদিক দম্পতি কাওছার ও সুমি আহত | মুক্ত স্বদেশ

সড়ক দুর্ঘটনায় সাংবাদিক দম্পতি কাওছার ও সুমি আহত


নিউজ ডেস্ক ডিসেম্বর ৩০, ২০২৫, ১:৫৮ অপরাহ্ন
সড়ক দুর্ঘটনায় সাংবাদিক দম্পতি কাওছার ও সুমি আহত

সড়ক দুর্ঘটনায় সাংবাদিক কাওছার আল হাবীব ও তার সহধর্মিণী নুরে রোকসানা সুমি আহত হয়েছেন।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় রাজধানীর কুর্মিটোলা হাসপাতালের বিপরীতে হোটেল রেডিসনের সামনে বাইক দুর্ঘটনার কবলে পড়েন তারা। এ সময় তারা দুজনেই গুরুতর আহত হন।

অফিসিয়াল ও তাদের পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাইকে করে সাংবাদিক কাওছার ও সুমি তাদের কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে কুর্মিটোলা অতিক্রম করার সময় কুয়াশা ভেজা রাস্তায় বাইক স্লিপ করে নিয়ন্ত্রণ হারিয়ে দুজনেই ছিটকে পড়েন। এ সময় আশেপাশের পথচারী ও পুলিশ এসে তাদের রাস্তা থেকে তুলে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও তারা ঐ অবস্থায় অফিসে পৌঁছান। অফিসে যাওয়ার পর তাৎক্ষণিক ওষুধ খেলেও সময় বাড়ার সাথে সাথে প্রচণ্ড ব্যথায় কাতরাতে থাকলে সহকর্মীরা তাদের হাসপাতালে পাঠাতে সহযোগিতা করেন। এরপর তারা আশিয়ান মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি হন। এ সময় চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে সাংবাদিক সুমিকে সিটি স্ক্যান ও কাওছার আল হাবীবকে এক্স-রেসহ বিভিন্ন পরীক্ষা করতে পরামর্শ দেন। চিকিৎসকের পরামর্শে এক্স-রে করলে কাওছার আল হাবীবের পাজরের হাড়ে ফ্যাকচার ধরা পড়ে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা দুজনেই হাসপাতালে রয়েছে।

আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কবীর হোসেন বলেন, সাংবাদিক সুমি মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছে। এছাড়াও হাত-পা ও কোমড়ে গুরুতর আঘাত পেয়েছে। অপরদিকে সাংবাদিক কাওছার বুকের বা পাজরের হাড়ে আঘাত পেয়েছে যা গুরুতর।