মুক্ত স্বদেশ ডিআইইউ সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বে খায়ের ও নুর | মুক্ত স্বদেশ

ডিআইইউ সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বে খায়ের ও নুর


নিউজ ডেস্ক জুলাই ২, ২০২৬, ৮:১৯ অপরাহ্ন
ডিআইইউ সাংবাদিক সমিতির নতুন নেতৃত্বে খায়ের ও নুর

বেসরকারি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির (ডিআইইউসাস) ষষ্ঠ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে দৈনিক আমার সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও সময় জার্নালের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আবুল খায়ের সভাপতি এবং দ্য ডেইলি ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও ক্যাম্পাস টাইমসের মাল্টিমিডিয়া রিপোর্টার নুর ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুপুর ১২টা থেকে সাবেক ও বর্তমান সদস্যদের অংশগ্রহণে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৩টায় নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করে।

নবগঠিত এই কমিটিতে সহ-সভাপতি পদে মো. আল শাহরিয়া সুইট, সাংগঠনিক সম্পাদক পদে নাইমুর রহমান ইমন, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মো. হৃদয় এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে তালহা নির্বাচিত হয়েছেন। পুরো নির্বাচন প্রক্রিয়াটি পরিচালনা করেন ডিআইইউসাসের প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার রাজিউর রহমান। তাকে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে সহযোগিতা করেন মুছা মল্লিক ও মাহমুদুল হাসান।

ফলাফল ঘোষণার পর প্রধান নির্বাচন কমিশনার রাজিউর রহমান সুষ্ঠু ও অংশগ্রহণমূলক পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে, এই নতুন কমিটি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও সংগঠনের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সহকারী নির্বাচন কমিশনার মুছা মল্লিক নির্বাচনের নিরপেক্ষতার বিষয়টি তুলে ধরে বলেন, নতুন নেতৃত্ব ডিআইইউসাসকে আরও গতিশীল করবে। এছাড়া বিদায়ী সভাপতি কালাম মুহাম্মদ নবনির্বাচিত কমিটিকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, নতুন নেতৃত্ব ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনকে আরও শক্তিশালী করবে এবং ক্যাম্পাস সাংবাদিকতার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।