মুক্ত স্বদেশ কেপ ভার্দের অধিনায়কের বিরুদ্ধে ব্রাজিলিয়ান নারীকে ধর্ষণের অভিযোগ | মুক্ত স্বদেশ

কেপ ভার্দের অধিনায়কের বিরুদ্ধে ব্রাজিলিয়ান নারীকে ধর্ষণের অভিযোগ


নিউজ ডেস্ক জুন ২৮, ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
কেপ ভার্দের অধিনায়কের বিরুদ্ধে ব্রাজিলিয়ান নারীকে ধর্ষণের অভিযোগ

কেপ ভার্দে জাতীয় ফুটবল দলের অধিনায়ক রায়ান মেন্দেসের বিরুদ্ধে ধর্ষণের গুরুতর অভিযোগ এনেছেন এক ব্রাজিলিয়ান নারী। গত ২৭ মার্চ নিউজিল্যান্ডের অকল্যান্ডে, কেপ ভার্দে দল যে হোটেলে অবস্থান করছিল, সেখানে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। ঘটনার সময় ওই নারী ফিফা সিরিজ উপলক্ষে নিউজিল্যান্ড ফুটবল ফেডারেশনের অধীনে দোভাষী ও অপারেশনাল সহায়তাকারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ভুক্তভোগী নারীর দাবি, ঘটনার পর তিনি কেপ ভার্দে ফুটবল ফেডারেশনের একাধিক কর্মকর্তার কাছে সহায়তা চাইলেও কোনো কার্যকর সহযোগিতা পাননি। পরবর্তীতে আইনজীবীদের মাধ্যমে ঘটনার বিবরণ, কথোপকথনের স্ক্রিনশটসহ বিভিন্ন তথ্য-প্রমাণ কেপ ভার্দে ফুটবল ফেডারেশন ও ফিফার কাছে পাঠানো হয়। একই সাথে বিশ্বকাপ দল থেকে রায়ান মেন্দেসকে বাদ দেওয়ার আবেদনও জানানো হয়েছে।

গত ১০ এপ্রিল থেকে নিউজিল্যান্ড পুলিশ এই ঘটনার আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। তদন্তের অংশ হিসেবে হোটেলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এছাড়া ভুক্তভোগীর মেডিকেল রিপোর্টে তার শরীর ও যৌনাঙ্গে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা ফরেনসিক প্রমাণ হিসেবে পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে। পর্যাপ্ত প্রমাণ মিললে পুলিশ আদালতে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করবে।

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এক বিবৃতিতে জানিয়েছে, তারা নিউজিল্যান্ড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে এবং বিষয়টি গুরুত্বের সাথে দেখছে। তবে স্বাধীন তদন্ত প্রক্রিয়া চলমান থাকায় তারা এখনই কোনো মন্তব্য করবে না। অন্যদিকে নিউজিল্যান্ড ও কেপ ভার্দে ফুটবল ফেডারেশন এবং অভিযুক্ত ফুটবলারের প্রতিনিধিরা এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হননি।

নিউজিল্যান্ডের আইন অনুযায়ী, যৌন সহিংসতার অভিযোগে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। তবে নিউজিল্যান্ড ও কেপ ভার্দের মধ্যে কোনো প্রত্যর্পণ চুক্তি না থাকায় আইনি প্রক্রিয়া কিছুটা জটিল হতে পারে। ৩৬ বছর বয়সী রায়ান মেন্দেস বর্তমানে তুরস্কের দ্বিতীয় বিভাগের ক্লাব ইগদির এফকের হয়ে খেলছেন এবং কেপ ভার্দে জাতীয় দলের হয়ে ২০২৬ বিশ্বকাপে অংশ নিচ্ছেন।