মুক্ত স্বদেশ 'নতুন কুঁড়ি' ক্রিকেটে রেকর্ড গড়া অথৈ নীলফামারীর নাতনি | মুক্ত স্বদেশ

‘নতুন কুঁড়ি’ ক্রিকেটে রেকর্ড গড়া অথৈ নীলফামারীর নাতনি


নিউজ ডেস্ক অগাস্ট ১১, ২০২৬, ৭:০১ অপরাহ্ন
‘নতুন কুঁড়ি’ ক্রিকেটে রেকর্ড গড়া অথৈ নীলফামারীর নাতনি

বাংলা সংস্কৃতির ঐতিহাসিক প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’-এর ক্রিকেট ইভেন্টে ঢাকা বিভাগে চ্যাম্পিয়ন হয়ে চমক দেখিয়েছে উদীয়মান ক্রিকেট প্রতিভা আফনান জামান অথৈ। ডোমারের প্রত্যন্ত অঞ্চল থেকে নিজের দলকে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিয়ে একে একে সব ধাপ পেরিয়ে বিভাগীয় পর্যায়ে বাংলাদেশের শীর্ষে নিজের নাম খোদাই করেছে এই কিশোরী।

প্রতিযোগিতার শেষ ধাপে মাত্র ৩৬ বলে ৮৯ রানের এক বিধ্বংসী ও অপরাজিত ইনিংস খেলে টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রহকারী সেরা খেলোয়াড় বিবেচিত হয় অথৈ। তার এই অবিশ্বাস্য অলরাউন্ড পারফরম্যান্সে ঢাকা বিভাগকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি সব বিভাগকে পেছনে ফেলে শিরোপা ছিনিয়ে আনে সে।

আফনান জামান অথৈ ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ ট্যালেন্টস স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী। তার স্থায়ী ঠিকানা নীলফামারী জেলার ডোমার উপজেলার পশ্চিম হরিণচড়া গ্রামে। সে স্থানীয় প্রখ্যাত ব্যক্তিত্ব মরহুম রুহুল আমিন হেডমাস্টারের নাতনি এবং পিতা মো. আতাউজ্জামান আতা ও মাতা ইভা আকতারের কন্যা।

অথৈর এই সাফল্যে উল্লাস প্রকাশ করে স্থানীয় বাসিন্দা জিয়া বলেন, “অথৈ আমাদের এলাকার গর্ব। ডোমরের সন্তান হয়ে এবং কেরানীগঞ্জে থেকে সে যেভাবে একের পর এক সাফল্য ছিনিয়ে আনছে, তা আমাদের পুরো এলাকার মুখ উজ্জ্বল করেছে। ও যেভাবে ৩৬ বলে ৮৯ রানের তাণ্ডব চালিয়েছে, তা সত্যিই অবিশ্বাস্য! আমরা এলাকাবাসী সব সময় ওর পাশে আছি এবং বিশ্বাস করি একদিন সে জাতীয় দলের হয়ে বিশ্ব জয় করবে।”

মেয়ের এই অনন্য কৃতিত্বে আনন্দাশ্রুসিক্ত মা ইভা আকতার বলেন, “মেয়েদের খেলাধুলার পথে নানা বাধা-বিপত্তি থাকে, কিন্তু অথৈর অদম্য ইচ্ছেশক্তি ও সততার সামনে কোনো বাধাই টিকতে পারেনি। খেলার মাঠ থেকে এসে আবার পড়াশোনায় বসা—ওর এই অক্লান্ত পরিশ্রম আজ সার্থক হয়েছে। মা হিসেবে এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারে না। আমি চাই সে দেশের নাম উজ্জ্বল করুক।”