
শক্তিশালী জার্মানিকে ২-১ গোলে হারিয়ে দীর্ঘ দুই দশক পর বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ইকুয়েডর। ঐতিহাসিক এই জয়ের আনন্দে দেশজুড়ে উৎসবের আবহ তৈরি হওয়ায় পরের দিনকে জাতীয় ছুটি ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া।
ম্যাচের শুরুতেই লেরয় সানের বিতর্কিত গোলে পিছিয়ে পড়েছিল ইকুয়েডর। তবে সেই ধাক্কা সামলে প্রথমার্ধেই নিলসন আঙ্গুলোর গোলে সমতায় ফেরে তারা। এরপর ম্যাচের ৭৭ মিনিটে কর্নার থেকে পাওয়া বল জালে জড়িয়ে ইকুয়েডরকে উল্লাসে ভাসান গনজালো প্লাতা। শেষ পর্যন্ত জার্মানির একের পর এক আক্রমণ ঠেকিয়ে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে দলটি।
ঐতিহাসিক এই জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে খেলোয়াড় ও কোচদের ধন্যবাদ জানিয়ে প্রেসিডেন্ট নোবোয়া লিখেন, ‘যারা কঠিন সময়ের পরও ঘুরে দাঁড়িয়েছেন এবং পুরো দেশে এই বিশাল আনন্দ এনে দিয়েছেন, তাদের ধন্যবাদ। আগামীকাল ছুটি!’
আপনার মতামত লিখুন :