
দুর্ঘটনা থেকে বাঁচাতে ৫ বছর ধরে রেলক্রসিং পাহারা দিচ্ছেন ভ্যানচালক
ঠাকুরগাঁও প্রতিনিধি
কোনো প্রাতিষ্ঠানিক দায়িত্ব বা সরকারি বেতনভাতা নয়, কেবল মানুষের মূল্যবান জীবন বাঁচানোর তাগিদেই গত পাঁচ বছর ধরে স্বেচ্ছায় রেলক্রসিং পাহারা দিয়ে আসছেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার এক ভ্যানচালক। বাঁশের তৈরি অস্থায়ী ব্যারিকেড দিয়ে ব্যস্ততম এই ক্রসিংয়ে তিনি গেটম্যানের দায়িত্ব পালন করছেন। তাঁর বাড়ি সংশ্লিষ্ট রেলক্রসিংয়ের ঠিক পাশেই।
জানা গেছে, ২০২১ সালে পীরগঞ্জ রেল স্টেশনের উত্তরে উপজেলা ভূমি অফিসের পশ্চিমে পৌর শহরের জগথা এলাকার ওই ব্যস্ততম অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে জেলা জজশিপের দুই কর্মচারীর মর্মান্তিক মৃত্যু হয়। নিজ চোখে সেই ভয়াল দুর্ঘটনা প্রত্যক্ষ করার পরই মানসিকভাবে নাড়া দেন ভ্যানচালক ইসলাম। কোনো গেটম্যান না থাকায় বারবার এমন দুর্ঘটনা ঘটতে পারে—এই আশঙ্কায় তিনি নিজেই সেখানে বাঁশ দিয়ে ব্যারিকেড তৈরি করে নিয়মিত গেট কিপারের দায়িত্ব পালন শুরু করেন। জীবিকার তাগিদে তিনি যখন ভ্যান নিয়ে বাইরে থাকেন, তখন তাঁর পরিবারের সদস্য কিংবা স্থানীয়রা সেই দায়িত্ব পালন করেন। তাঁর এই সাহসিকতা ও মহৎ উদ্যোগের কারণেই গত পাঁচ বছরে ওই রেলক্রসিংয়ে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।
তবে স্বেচ্ছাশ্রমে আর কতদিন—এমন প্রশ্ন তুলে ইসলাম জানান, এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য ওই পয়েন্টে একজন স্থায়ী গেটম্যান নিয়োগ করা অত্যন্ত জরুরি।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী, হৃদয় ও প্রফুল্ল কুমারসহ অনেকেই জানান, এটি শহরের অত্যন্ত ব্যস্ততম একটি রেলক্রসিং, যেখান দিয়ে প্রতিদিন শত শত যানবাহন ও সাধারণ মানুষ চলাচল করে। অথচ এখানে কোনো গেটম্যান না থাকাটা চরম ঝুঁকিপূর্ণ। তাঁরা অবিলম্বে সেখানে একজন স্থায়ী গেটম্যান নিয়োগের দাবি জানান।
পীরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা বলেন, ভ্যানচালক ইসলাম চরম অভাব অনটনের মধ্যেও মানুষের জীবন রক্ষার্থে নিজ উদ্যোগে যেভাবে পাঁচ বছর ধরে রেলক্রসিং পাহারা দিয়ে যাচ্ছেন, তা সত্যিই এক নজিরবিহীন ঘটনা।
পীরগঞ্জ রেল স্টেশনের মাস্টার সোহরাব হোসেন জানান, এই লাইনে প্রতিদিন পাঁচটি আন্তঃনগর এবং একটি কমিউটার ট্রেন চলাচল করে। এক ব্যক্তি জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের ব্যারিকেড দিয়ে স্বেচ্ছায় রেলক্রসিং পাহারা দিচ্ছেন বিষয়টি তাঁরা জানেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গোলাম রব্বানী সরদার বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। এছাড়া স্থায়ী গেটম্যান নিয়োগ না হওয়া পর্যন্ত স্থানীয়ভাবে ভ্যানচালক ইসলামকে কোনো ধরনের সহযোগিতা দেওয়া যায় কি না, সে বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলা হবে।
আপনার মতামত লিখুন :