
ফরিদপুরের সদরপুর উপজেলায় অর্পিত সম্পত্তি থেকে বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি কাটার অপরাধে বাবু মোল্লা নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (০২ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ঢেউখালি ইউনিয়নের হরিন্যা গ্রামে এই অভিযান পরিচালনা করেন সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। দণ্ডিত বাবু মোল্লা একই গ্রামের বাসিন্দা ফরমান উদ্দিন আহম্মেদের পুত্র।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, একদল অসাধু চক্র অর্পিত সম্পত্তি থেকে বাণিজ্যিক উদ্দেশ্যে জমির উপরিভাগের মূল্যবান ও উর্বর মাটি (টপসয়েল) কেটে নিচ্ছিল। কৃষি জমি ধ্বংসের এই অপরাধে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’-এর সংশ্লিষ্ট ধারা মোতাবেক দোষী সাব্যস্ত করে বাবু মোল্লাকে এই অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া বলেন, অর্পিত সম্পত্তি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মাটিখেকোদের হাত থেকে সোনার ফসল ফলানো কৃষি জমি রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। তিনি সচেতন নাগরিকদের উদ্দেশ্যে আরও বলেন, আশেপাশে কোথাও কৃষি জমির মাটি কাটতে দেখলে তাৎক্ষণিক প্রশাসনকে যেন অবহিত করা হয়।
আপনার মতামত লিখুন :