মুক্ত স্বদেশ ফ্লাইওভারে উঠতে বিপাকে ‘পিংক বাস’, হাল ধরলেন পুরুষ চালক | মুক্ত স্বদেশ

ফ্লাইওভারে উঠতে বিপাকে ‘পিংক বাস’, হাল ধরলেন পুরুষ চালক


নিউজ ডেস্ক অগাস্ট ১৯, ২০২৬, ৮:৩১ অপরাহ্ন
ফ্লাইওভারে উঠতে বিপাকে ‘পিংক বাস’, হাল ধরলেন পুরুষ চালক

রাজধানীতে নারীদের জন্য নতুন চালু হওয়া বিশেষ ‘পিংক বাস’ সেবার একটি দোতলা বাস ফ্লাইওভারে ওঠানোর সময় বিড়ম্বনায় পড়েন নারী চালক। পরে এক পুরুষ চালকের সহায়তায় বাসটি নিরাপদে ফ্লাইওভারে তোলা সম্ভব হয়।

বুধবার (১৯ আগস্ট) দুপুরে রাজধানীর শাহজাহানপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) আওতাধীন এই গোলাপি রঙের দোতলা বাসটি চালাচ্ছিলেন ফাহিমা সানজান নামের এক নারী চালক। ফ্লাইওভারের ঢাল বেয়ে ওঠার সময় বাসটি ওপরে তুলতে সমস্যায় পড়লে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও যানজট এড়াতে তিনি বাসটি থামিয়ে দেন। পরবর্তীতে এক পুরুষ চালক এগিয়ে এসে চালকের আসন গ্রহণ করেন এবং নিরাপদে বাসটি চালিয়ে ফ্লাইওভারে তোলেন। এ সময় বাসে থাকা নারী যাত্রীদের মধ্যে কিছুটা উৎকণ্ঠা সৃষ্টি হলেও বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।

নারী যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে গত মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে সম্পূর্ণ নারীদের পরিচালনায় এই ‘পিংক বাস’ সেবা চালু করা হয়। সরকারের এই ব্যতিক্রমী উদ্যোগটি দেশজুড়ে প্রশংসা পেলেও উদ্বোধনের পরদিনই যাত্রীসংকটে পড়েছে বাসগুলো।

সরেজমিনে দেখা যায়, বাসের প্রচার কম থাকায় অনেক নারী যাত্রীই এই সেবার রুট সম্পর্কে অবগত নন। মতিঝিল থেকে মিরপুর-১০ এবং আবদুল্লাহপুর থেকে মতিঝিলগামী পিংক বাসগুলোতে মাত্র চার থেকে পাঁচজন যাত্রী দেখা গেছে, যার মধ্যে দোতলার আসনগুলো প্রায় পুরোটাই ফাঁকা ছিল। যাত্রী কম থাকায় বাসগুলোকেও অনেক নির্ধারিত স্থানে না থেমে চলে যেতে দেখা যায়।