মুক্ত স্বদেশ পদ্মার চরে বাদাম তুলতে ব্যস্ত কৃষকেরা, ভালো ফলন ও দামে খুশি চাষিরা | মুক্ত স্বদেশ

পদ্মার চরে বাদাম তুলতে ব্যস্ত কৃষকেরা, ভালো ফলন ও দামে খুশি চাষিরা


নিউজ ডেস্ক জুন ২৮, ২০২৬, ২:০১ অপরাহ্ন
পদ্মার চরে বাদাম তুলতে ব্যস্ত কৃষকেরা, ভালো ফলন ও দামে খুশি চাষিরা

মাদারীপুরের শিবচরের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন পদ্মার চরাঞ্চলে চলতি মৌসুমে চিনা বাদামের বাম্পার ফলন হয়েছে। বর্তমানে চরের বিস্তীর্ণ মাঠ জুড়ে বাদাম তোলার উৎসবে মেতে উঠেছেন প্রান্তিক চাষিরা। ভোরের আলো ফুটতেই পরিবারের নারী-পুরুষ ও সন্তানদের নিয়ে ক্ষেত থেকে বাদাম তোলা, গাছ থেকে তা ছাড়ানো এবং রোদে শুকানোর কাজে ব্যস্ত সময় পার করছেন তারা।

সরেজমিনে কাঁঠালবাড়ী ও চরজানাজাত এলাকা ঘুরে দেখা গেছে, চরের বালুময় মাটিতে এবার বাদাম বেশ পুষ্ট ও ভালো হয়েছে। কৃষকেরা জানান, কিছুদিন আগে ভারী বৃষ্টি ও পদ্মার পানি বৃদ্ধির কারণে কিছু ক্ষেত তলিয়ে কিছুটা ক্ষতি হলেও, সার্বিকভাবে ফলন বেশ ভালো হয়েছে। বর্তমানে বাজারে প্রতি মণ বাদাম ৫ থেকে ৬ হাজার টাকায় বিক্রি হচ্ছে। ভালো দাম পাওয়ায় ক্ষতি পুষিয়ে এবার বাড়তি লাভের আশা করছেন তারা।

চরজানাজাতের কৃষক মোহাম্মদ হাওলাদার বলেন, “চরের মাটি বাদাম চাষের জন্য খুবই উপযুক্ত। এবার ৪ বিঘা জমিতে বাদাম চাষ করেছি। পানি বাড়ায় কিছু বাদাম নষ্ট হলেও ফলন মোটামুটি ভালো হয়েছে।” কৃষাণী কুলসুম বেগম জানান, চরের বালু মাটিতে চাষবাস করেই তাদের সংসার চলে এবং এবার ভালো ফলন হওয়ায় তারা খুবই খুশি।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে শিবচরে মোট ৬৯০ হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে, যার মধ্যে শুধু চরজানাজাত ইউনিয়নেই চাষ হয়েছে ১২০ হেক্টর জমিতে। চরের বন্দরখোলা, মাদবরেরচর ও সন্ন্যাসীরচর এলাকাতেও বাদামের ভালো ফলন হয়েছে।

শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা আলিমুজ্জামান বলেন, “শিবচরের বিস্তীর্ণ চরাঞ্চলে এবার বাদাম চাষের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। ফলন যেমন ভালো হয়েছে, তেমনি বাজারে বর্তমান দামও চড়া। আশা করছি, চরের প্রান্তিক কৃষকেরা এবার বেশ ভালো লাভবান হবেন।”