
ফুটবল বিশ্বকাপ মানেই বাঙালির মাঝে টানটান উত্তেজনা আর প্রিয় দলের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ। সেই ফুটবল উন্মাদনাকে এবার ভিন্নমাত্রায় রূপ দিয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলার কাঁচামালের আড়তের খুচরা সবজি ব্যবসায়ী কাওসার আলী। নিজের খুচরা সবজির দোকানটিকে তিনি সাজিয়েছেন আর্জেন্টিনা ফুটবল দলের নীল-সাদা রঙে।
শুধু সাজসজ্জাই নয়, দোকানের নামও বদলে রেখেছেন ‘আর্জেন্টিনা সবজি ভাণ্ডার’। আর ক্রেতাদের জন্য দিয়েছেন অভিনব এক অফার—আর্জেন্টিনার জার্সি পরে এলে প্রতি কেজি সবজিতে মিলবে ১০ টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।
সরেজমিনে বাজারে গিয়ে দেখা যায়, অন্যান্য দোকানের তুলনায় কাওসার আলীর দোকানটি সম্পূর্ণ ব্যতিক্রম। দোকানজুড়ে টানানো হয়েছে ছোট-বড় অসংখ্য আর্জেন্টিনার পতাকা। দূর থেকে দেখলে মনে হয় যেন ঠাকুরগাঁওয়ের বুকেই গড়ে উঠেছে আর্জেন্টিনার এক ক্ষুদ্র সংস্করণ। দোকানের সামনে টানানো সাইনবোর্ডে বড় অক্ষরে লেখা রয়েছে ‘আর্জেন্টিনা সবজি ভাণ্ডার’ এবং তার পাশেই ঝুলছে জার্সি পরে এলে বিশেষ ছাড়ের সেই আকর্ষণীয় ঘোষণা।
এই অভিনব ঘোষণার পর থেকেই দোকানটিতে ক্রেতা ও দর্শনার্থীদের ভিড় জমছে। কেউ শাক-সবজি কিনতে আসছেন, আবার কেউ কৌতূহলবশত দোকানটি দেখতে এসে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। শুধু আর্জেন্টিনার সমর্থকই নন, অনেক ব্রাজিল সমর্থকও কাওসারের এই ব্যতিক্রমী উদ্যোগ ও ব্যবসায়িক সৃজনশীলতা দেখতে বাজারে ভিড় করছেন। এমনকি ২০ কিলোমিটার দূর থেকেও অনেকে শুধু দোকানটি একনজর দেখতে ছুটে আসছেন।
দোকান মালিক কাওসার আলী বলেন, “আমি ছোটবেলা থেকেই আর্জেন্টিনার কট্টর সমর্থক। বিশ্বকাপ এলে এই দলের খেলা নিয়ে আলাদা উত্তেজনা কাজ করে। তাই প্রিয় দলের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করতেই দোকানটিকে আর্জেন্টিনার রঙে সাজিয়েছি। পাশাপাশি ক্রেতাদের একটু আনন্দ দিতে জার্সি পরে এলে বিশেষ ছাড়ের ব্যবস্থা করেছি।”
স্থানীয়দের মতে, বাজারে এমন ব্যতিক্রমী ও নান্দনিক উদ্যোগ আগে কখনো দেখা যায়নি। বিশ্বকাপের উত্তাপে যখন দেশজুড়ে চলছে নানা আয়োজন, তখন ঠাকুরগাঁওয়ের ‘আর্জেন্টিনা সবজি ভাণ্ডার’ ফুটবল আবেগ ও ব্যবসার এক চমৎকার মেলবন্ধন হিসেবে পুরো জেলায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
আপনার মতামত লিখুন :