মুক্ত স্বদেশ ভুয়া ওসি পরিচয়ে সাংবাদিককে ফোন, মেলেনি অভিযোগের সত্যতা | মুক্ত স্বদেশ

ভুয়া ওসি পরিচয়ে সাংবাদিককে ফোন, মেলেনি অভিযোগের সত্যতা


নিউজ ডেস্ক অক্টোবর ৫, ২০২৬, ৭:১২ অপরাহ্ন
ভুয়া ওসি পরিচয়ে সাংবাদিককে ফোন, মেলেনি অভিযোগের সত্যতা

‘উত্তরা পশ্চিম থানার ওসি শাহীন’ পরিচয়ে ফোন করে দৈনিক দিনকালের স্টাফ রিপোর্টার ও গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক মণ্ডলীর সদস্য দেলোয়ার হোসেনকে চাপ দেওয়ার চেষ্টা করার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় ভুয়া এই ফোন পেয়ে কিছুটা বিস্মিত ও উদ্বিগ্ন হন ওই সাংবাদিক।

দেলোয়ার হোসেন জানান, ফোনদাতা তাকে জানান যে তার হোয়াটসঅ্যাপ নম্বর থেকে নাকি এক পুলিশ কর্মকর্তাকে গালিগালাজ করা হয়েছে। কিন্তু তার হোয়াটসঅ্যাপ নম্বর থেকে কাউকে কোনো ধরনের গালিগালাজ করার প্রশ্নই ওঠে না বলে তিনি ফোনদাতাকে স্পষ্ট জানিয়ে দেন এবং অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন।

ঘটনার সত্যতা যাচাই করতে তাৎক্ষণিকভাবে দেলোয়ার হোসেন বিষয়টি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। খোঁজ নিয়ে তারা নিশ্চিত করেন যে, উত্তরা পশ্চিম থানায় ‘শাহীন’ নামে কোনো ওসি দায়িত্ব পালন করছেন না। এতে ফোনদাতার পরিচয় ও উদ্দেশ্য নিয়ে তীব্র সন্দেহ তৈরি হয়।

পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই নাম ও পরিচয়ে অনুসন্ধান করে ‘মহসিন’ নামে পুলিশের লোগো বা পরিচয়সংবলিত একটি ফেসবুক প্রোফাইল পাওয়া গেলেও, প্রোফাইলটির সঙ্গে ফোনদাতার সরাসরি কোনো সম্পৃক্ততা নিশ্চিত করা যায়নি।

এ বিষয়ে সাংবাদিক দেলোয়ার হোসেন বলেন, “পুলিশ পরিচয়ে এভাবে ফোন করে কাউকে ভয় দেখানো বা চাপ সৃষ্টি করা অত্যন্ত উদ্বেগজনক। এ ধরনের প্রতারণার মাধ্যমে পরবর্তীতে অর্থ আদায়সহ নানা ধরনের হয়রানি করা হতে পারে।” তিনি সবাইকে অপরিচিত ও পরিচয় যাচাই না করে এমন ফোনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।