মুক্ত স্বদেশ চন্দনাইশে স্বামীর কোদালের কোপে প্রাণ গেল রোহিঙ্গা নারীর | মুক্ত স্বদেশ

চন্দনাইশে স্বামীর কোদালের কোপে প্রাণ গেল রোহিঙ্গা নারীর


নিউজ ডেস্ক অগাস্ট ১৯, ২০২৬, ৮:৩৬ অপরাহ্ন
চন্দনাইশে স্বামীর কোদালের কোপে প্রাণ গেল রোহিঙ্গা নারীর

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক কলহের জেরে স্বামী মোহাম্মদ সলিমের কোদালের কোপে তাঁর স্ত্রী নুরহাবা নিহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত স্বামী সলিমকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) সকালে উপজেলার দোহাজারী পৌরসভার উল্লাপাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত নুরহাবা ও অভিযুক্ত সলিম দম্পতি কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১-এর বাসিন্দা। তাঁরা বেশ কিছুদিন ধরে দোহাজারীর উল্লাপাড়ায় স্থানীয় আইয়ুব আলী সওদাগরের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সলিম নিয়মিত কাজে না যাওয়ার কারণে প্রায়ই তাঁদের মধ্যে পারিবারিক মনোমালিন্য হতো। বুধবার সকালে সলিম কাজে বের হয়েও আবার দ্রুত ঘরে ফিরে এলে স্ত্রী নুরহাবা তাঁকে অসময়ে কাজ থেকে ফেরার কারণ জানতে চান। এ নিয়ে তাঁদের মধ্যে তীব্র তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে সলিম উত্তেজিত হয়ে পাশে থাকা কোদাল দিয়ে স্ত্রীর মাথায় সজোরে আঘাত করেন। এতে নুরহাবা রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং গুরুতর আহত হন।

পরে প্রতিবেশীরা মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরহাবাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে চন্দনাইশ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত সলিমকে আটক করে। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।