মুক্ত স্বদেশ গোপালগঞ্জে নারীদের ব্যতিক্রমী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত | মুক্ত স্বদেশ

গোপালগঞ্জে নারীদের ব্যতিক্রমী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত


নিউজ ডেস্ক সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
গোপালগঞ্জে নারীদের ব্যতিক্রমী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানীতে নারীদের অংশগ্রহণে এক ব্যতিক্রমী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জমকালো এই আয়োজনকে কেন্দ্র করে স্থানীয় জিকাবাড়ী বিলে সর্বস্তরের মানুষের উপচে পড়া ভিড় ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জিকাবাড়ী বিলে আয়োজিত এই প্রতিযোগিতায় ১৫টি নৌকা অংশ নেয়। গ্রামীণ এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতায় নৌকার মাল্লা ও মাঝি হিসেবে নারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল অত্যন্ত চমৎকার ও নজরকাড়া। বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ আর মাল্লাদের সম্মিলিত কণ্ঠে জারি-সারি গানে পুরো বিল এলাকা মুখরিত হয়ে ওঠে।

রংবেরঙের সাজে সজ্জিত নৌকাগুলোর গতি আর প্রতিযোগী নারীদের উৎসাহ দেখতে গোপালগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ বিলের দুই পাড়ে ভিড় জমান। দর্শকদের মুহুর্মুহু করতালি ও উল্লাসে পুরো এলাকা এক দারুণ মিলনমেলায় পরিণত হয়। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দল ও বিজয়ী প্রতিযোগীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।

দীর্ঘদিন পর এমন ব্যতিক্রমী ও রোমাঞ্চকর আয়োজন উপভোগ করতে পেরে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয় দর্শনার্থী ও সাধারণ মানুষ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা মহিলা দলের সভাপতি শেখ শীলা, সাধারণ সম্পাদক ফারজানা পপি এবং মাহমুদপুর ইউনিয়ন মহিলা দলের আহ্বায়ক ও আয়োজক কমিটির আহ্বায়ক মোসা. কামরুন নাহার লাভলীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আয়োজক কামরুন নাহার লাভলী জানান, গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লোকজ সংস্কৃতি পুনরুদ্ধার এবং সাধারণ মানুষের মাঝে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ও উৎসব ছড়িয়ে দিতেই মূলত নারীদের নিয়ে এই ব্যতিক্রমী নৌকা বাইচের আয়োজন করা হয়েছিল।