মুক্ত স্বদেশ আশুলিয়ায় ভাড়া বাসা থেকে নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার | মুক্ত স্বদেশ

আশুলিয়ায় ভাড়া বাসা থেকে নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার


নিউজ ডেস্ক সেপ্টেম্বর ৫, ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
আশুলিয়ায় ভাড়া বাসা থেকে নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার

ঢাকার আশুলিয়ায় ভাড়া বাসা থেকে অজ্ঞাতনামা এক নারী, এক পুরুষ এবং সদ্য ভূমিষ্ঠ হওয়া এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত পুরুষের গলায় গামছা পেঁচানো থাকায় এটি একটি হত্যাকাণ্ড বলে প্রাথমিক ধারণা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চতুর্থ তলা ভাড়া বাসার দ্বিতীয় তলায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কিছুদিন আগে স্বামী-স্ত্রী পরিচয়ে ওই কক্ষটি ভাড়া নিয়েছিলেন নিহত দম্পতি। কক্ষটির দরজা-জানালা প্রায় সবসময় বন্ধ থাকত। সম্প্রতি ওই কক্ষ থেকে দুর্গন্ধ ছড়ালে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে মরদেহগুলো উদ্ধার করে।

খবর পেয়ে সিআইডির ফরেনসিক টিম, ঢাকা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

এ বিষয়ে এখন পর্যন্ত আশুলিয়া থানা পুলিশের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশ পুরো বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে।