মুক্ত স্বদেশ লালমোহনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ৪ জেলের কারাদণ্ড | মুক্ত স্বদেশ

লালমোহনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ৪ জেলের কারাদণ্ড


নিউজ ডেস্ক অক্টোবর ২০, ২০২৬, ৫:৪৫ অপরাহ্ন
লালমোহনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ৪ জেলের কারাদণ্ড

ভোলার লালমোহনে মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকার করার দায়ে চার জেলেকে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৯ অক্টোবর) রাতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক।

দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন—উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কচুয়াখালী এলাকার তৈলদ্দিনের ছেলে আলী আজগর (৪০), মোহাম্মদ আলীর ছেলে লোকমান হোসেন (৪০), তাইজুল ইসলামের ছেলে মো. জাহাঙ্গীর (৪০) এবং আবুল কালামের ছেলে মো. জাকির (৩৫)।

এর আগে সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত লালমোহন উপজেলার তেঁতুলিয়া নদীতে মা ইলিশ রক্ষায় মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকারের অভিযোগে ওই চার জেলেকে আটক করা হয়। পাশাপাশি অভিযানে জব্দ করা হয় পাঁচ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, যা পরবর্তীতে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ জানান, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে মৎস্য বিভাগ সতর্ক অবস্থানে রয়েছে। ২২ দিনের এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত নদীতে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং আইন অমান্যকারী কাউকেই ছাড় দেওয়া হবে না।