মুক্ত স্বদেশ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ | মুক্ত স্বদেশ

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ


নিউজ ডেস্ক অগাস্ট ২২, ২০২৬, ৭:০৩ অপরাহ্ন
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের পরিধি, ব্যস্ততা এবং গতি আগের যেকোনো সময়ের চেয়ে বহুগুণ বৃদ্ধি পাওয়ায় সরকার সেখানে দুজন প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শনিবার (২২ আগস্ট) রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘পলিটিক্স ল্যাব: বাংলাদেশে তরুণ নারীদের রাজনৈতিক নেতৃত্বের ক্ষমতায়ন’ শীর্ষক সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী নিয়োগ প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, “গত ছয় মাসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিগত ১৭ বছরের চেয়ে অনেক বেশি কাজ হয়েছে। ইতিমধ্যে তিনটি নতুন উইং চালুসহ অভিবাসন নিয়ন্ত্রণ ও আন্তঃমন্ত্রণালয় সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এছাড়া আমাদের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি নির্বাচিত হওয়ায় আগামী এক বছর তিনি ব্যস্ত থাকবেন। তাই কাজের গতি বাড়াতে সরকার যে সিদ্ধান্তই নেবে, আমরা টিমওয়ার্ক হিসেবে সে অনুযায়ী কাজ করব।”

মক্কা প্যাক্ট ও বহুপাক্ষিক জোটে যুক্ত হওয়া প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন, যেকোনো জোটে যুক্ত হওয়ার ক্ষেত্রে দেশ ও জনগণের স্বার্থই হবে প্রধান বিবেচনা। কোনো বিদেশি গণমাধ্যমের খবরে প্রভাবিত না হয়ে সরকার নিজের স্বাধীন সিদ্ধান্তই নেবে।

উল্লেখ্য, শুক্রবার (২১ আগস্ট) প্রজ্ঞাপন জারির মাধ্যমে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকেও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।