
ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলীর ভাসমান পেয়ারার বাজার ও বিস্তীর্ণ পেয়ারা বাগান পরিদর্শন করে মুগ্ধতা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের মনোনীত রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। পরিদর্শন শেষে তিনি আন্তর্জাতিক বাজার, বিশেষ করে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পেয়ারা রপ্তানির উজ্জ্বল সম্ভাবনার কথা তুলে ধরেন।
রোববার সকালে স্ত্রী মিসেস ডিয়ান ডাওকে সঙ্গে নিয়ে ভীমরুলীর ভাসমান পেয়ারার হাটে পৌঁছান রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক কাওছার হোসেন তাঁদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে ছোট নৌকায় চড়ে ভাসমান বাজার ঘুরে দেখেন এবং স্থানীয় পেয়ারার স্বাদ নেন রাষ্ট্রদূত।
ভীমরুলীতে অবস্থান শেষে ট্রলারযোগে পিরোজপুরের আটঘর-কুড়িয়ানার উদ্দেশে রওনা হন তিনি। এ সময় মার্কিন দূতাবাস ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, “ভীমরুলীর প্রাকৃতিক পরিবেশ, ঐতিহ্যবাহী ভাসমান বাজার এবং এখানকার কৃষকদের কঠোর পরিশ্রম আমাকে মুগ্ধ করেছে। এখানকার পেয়ারার উৎকৃষ্ট মান আন্তর্জাতিক বাজারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।”
তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, হাওয়াই ও ক্যালিফোর্নিয়ার কিছু অঞ্চলে সীমিত পরিসরে পেয়ারা চাষ হয়। তাই বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক বাজারে পেয়ারা রপ্তানির যথেষ্ট সুযোগ রয়েছে এবং এ বিষয়ে তিনি নিজ দেশের সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন।
স্থানীয়দের মতে, মার্কিন রাষ্ট্রদূতের এ সফর ভীমরুলীর ভাসমান বাজারকে বৈশ্বিক পরিচিতি দেওয়ার পাশাপাশি স্থানীয় চাষিদের জন্য পেয়ারা রপ্তানির নতুন সুযোগ তৈরি করবে।
আপনার মতামত লিখুন :