মুক্ত স্বদেশ অতিরিক্ত দামে এলপিজি গ্যাস ও সবজি বিক্রি করায় দেবীদ্বারে জরিমানা | মুক্ত স্বদেশ

অতিরিক্ত দামে এলপিজি গ্যাস ও সবজি বিক্রি করায় দেবীদ্বারে জরিমানা


নিউজ ডেস্ক অক্টোবর ৭, ২০২৬, ৬:২৩ অপরাহ্ন
অতিরিক্ত দামে এলপিজি গ্যাস ও সবজি বিক্রি করায় দেবীদ্বারে জরিমানা

কুমিল্লার দেবীদ্বারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার ও কাঁচা সবজি বিক্রি, সঠিক মূল্য তালিকা প্রদর্শন না করা, অবৈধ পার্কিং করে যানজট সৃষ্টি এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮টি মামলায় মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে দেবীদ্বার পৌরসভার বিভিন্ন এলপিজি গ্যাস সিলিন্ডার দোকান, মুদি ও কাঁচা সবজির বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), পৌর প্রশাসক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাজার পরিদর্শনকালে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে ‘ফকির ইলেকট্রনিক্স’-এর মালিক জামাল হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সঠিক মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে তিনজন মুদি দোকানদারকে ৭ হাজার টাকা এবং একজন কাঁচা সবজি বিক্রেতাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি, অবৈধভাবে গাড়ি পার্কিং করে সড়কে যানজট সৃষ্টি করায় দুই বাসচালককে ১০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও সংরক্ষণের দায়ে এক হোটেল মালিককে ৫ হাজার টাকাসহ মোট ৮টি মামলায় ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফয়সল উদ্দিন ব্যবসায়ীদের কঠোর হুশিয়ারি দিয়ে বলেন, এলপিজি গ্যাস সিলিন্ডার ও কাঁচা সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সরকার নির্ধারিত সঠিক দামে বিক্রি করতে হবে। বাজারের সকল ব্যবসায়ীকে তাদের দোকানের দৃশ্যমান স্থানে হালনাগাদ সঠিক মূল্য তালিকা প্রদর্শন এবং পণ্য ক্রয়ের ভাউচার সংরক্ষণ করতে হবে।

তিনি আরও জানান, বাজারে পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের এ ধরনের বাজার মনিটরিং ও আইনানুগ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।