মুক্ত স্বদেশ গৌরীপুরে শতবর্ষী ‘ঝলমল সিনেমা হল’ ও ৪ দোকানে ভয়াবহ আগুন, কোটি টাকার ক্ষয়ক্ষতি | মুক্ত স্বদেশ

গৌরীপুরে শতবর্ষী ‘ঝলমল সিনেমা হল’ ও ৪ দোকানে ভয়াবহ আগুন, কোটি টাকার ক্ষয়ক্ষতি


নিউজ ডেস্ক অক্টোবর ৭, ২০২৬, ৫:১৩ অপরাহ্ন
গৌরীপুরে শতবর্ষী ‘ঝলমল সিনেমা হল’ ও ৪ দোকানে ভয়াবহ আগুন, কোটি টাকার ক্ষয়ক্ষতি

ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের কেন্দ্রবিন্দুতে অবস্থিত শত বছরের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক ‘ঝলমল সিনেমা হল’ ও নাট্যমন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) গভীর রাতে এই অগ্নিকাণ্ডে সিনেমা হলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও আর্কিটেকচারভিউ সম্পূর্ণ ভস্মীভূত হয়। এছাড়া আগুনে চারটি ব্যবসায়ী প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে এবং আরও ১১টি বিপণীতান ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ২টার দিকে পৌর কমিউনিটি পুলিশ ও আশপাশের লোকজন হঠাৎ আগুন দেখতে পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ও স্থানীয় ব্যবসায়ীদের খবর দেন। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।

আগুনে ঝলমল সিনেমা হলের ভেতরে থাকা তানভীর এলপিজি স্টোরের গ্যাস সিলিন্ডারের গোডাউন, তাজ উদ্দিন ভূট্টোর ফার্নিচার উৎপাদন কেন্দ্র, বকুল মিয়ার বৈদ্যুতিক মালামালের দোকান এবং সুরুজ মিয়ার পুরোনো বস্তার দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়। এ ছাড়া আগুন নেভাতে ও মালামাল সরাতে গিয়ে সিনেমা হলের সামনের ফলের দোকানসহ রাস্তার পাশের আরও ১০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, অগ্নিকাণ্ডে তাদের ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। তানভীর এলপিজি স্টোরের পরিচালক তানভীর আহমেদ জানান, গ্যাসভর্তি ২৫০টি বোতল, খালি ৭০০ বোতল এবং ক্যাশে থাকা প্রায় ১ লাখ টাকাসহ তাঁর প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ফার্নিচার কারখানার মালিক তাজ উদ্দিন ভূট্টো জানান, তাঁর কারখানার প্রায় ৫০ লাখ টাকার মেশিনপত্র ও ৬০ লাখ টাকার মূল্যবান উপকরণ পুড়ে গেছে। এ ছাড়া অপর দুটি দোকানে প্রায় ১৫ লাখ টাকার মালামাল ভস্মীভূত হয়।

খবর পেয়ে গৌরীপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর কবিরুল আলমের নেতৃত্বে গৌরীপুরের দুটি এবং ঈশ্বরগঞ্জ ও ময়মনসিংহের একটিসহ মোট চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, আগুনের সূত্রপাত ও সঠিক ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

এদিকে খবর পেয়ে গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফিয়া আমিন পাপ্পা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে তিনি জানান। ইউএনও আরও উল্লেখ করেন, যারা এই প্রাঙ্গণ লিজ নিয়েছিলেন তারা চুক্তির অনেক শর্ত ভঙ্গ করেছেন। বাণিজ্যিক অনুমোদনের কাগজপত্র নিয়ে তাদের কার্যালয়ে উপস্থিত হওয়ার জন্য ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে।