মুক্ত স্বদেশ আরব আমিরাতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ড্র করল বাংলাদেশ | মুক্ত স্বদেশ

আরব আমিরাতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ড্র করল বাংলাদেশ


নিউজ ডেস্ক অক্টোবর ৫, ২০২৬, ৮:৩৪ অপরাহ্ন
আরব আমিরাতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ড্র করল বাংলাদেশ

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ ড্র করেছে বাংলাদেশ দল। প্রথম ইনিংসে ২৩৪ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১১৪ রান তুলে ম্যাচটি শেষ করে সফরকারীরা।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে সৌম্য সরকার ও সাদমান ইসলাম ভালো সূচনা এনে দিলেও পরবর্তীতে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে বড় সংগ্রহ গড়তে ব্যর্থ হয় দল। জবাবে প্রথম দিন শেষে ৮ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৪ রান সংগ্রহ করেছিল স্বাগতিক আমিরাত।

দ্বিতীয় দিনে অবশ্য স্বাগতিকদের লিড নিতে দেননি বাংলাদেশের বোলাররা। দুর্দান্ত বোলিং করে আরব আমিরাতকে ২২২ রানে অলআউট করে দেয় টাইগাররা। বাংলাদেশের সফল বোলারদের মধ্যে ইকবাল হোসেন ইমন একাই শিকার করেন ৪ উইকেট। এছাড়া তাইজুল ইসলাম ৩টি এবং ইবাদত হোসেন, খালেদ আহমেদ ও নাইম হাসান একটি করে উইকেট লাভ করেন।

প্রথম ইনিংস শেষে ১২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। দলের পক্ষে মুমিনুল হক ২৪ এবং সাদমান ইসলাম ৩২ রান করে ভালো সূচনা এনে দেন। অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের ব্যাট থেকে আসে মূল্যবান ৪৪ রান। এছাড়া জাকের আলী ১১ রানে অপরাজিত থাকেন।

দ্বিতীয় ইনিংসে ২৬.৫ ওভারে ৩ উইকেটে ১১৪ রান তোলার পর ম্যাচটি ড্র বলে ঘোষণা করা হয়। স্বাগতিক আমিরাতের পক্ষে সিমরানজিত সিং নেন দুটি উইকেট এবং জুনাইদ ও হায়দার একটি করে উইকেট লাভ করেন।