মুক্ত স্বদেশ নীলফামারীতে ৬ মাসে ভিসা প্রতারণার ২২ মামলা, গ্রেপ্তার ৬১ | মুক্ত স্বদেশ

নীলফামারীতে ৬ মাসে ভিসা প্রতারণার ২২ মামলা, গ্রেপ্তার ৬১


নিউজ ডেস্ক জুলাই ১৪, ২০২৬, ৭:০৯ অপরাহ্ন
নীলফামারীতে ৬ মাসে ভিসা প্রতারণার ২২ মামলা, গ্রেপ্তার ৬১

নীলফামারী জেলায় গত ছয় মাসে ভিসা প্রতারণা, অনলাইন জুয়া, ক্যাসিনো ও থাই জুয়া সংক্রান্ত অপরাধে ২২টি সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে। এসব মামলায় এ পর্যন্ত মোট ৬১ জন প্রতারককে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ. বি. এম. ফয়জুল ইসলাম।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জেলার সৈয়দপুর, কিশোরগঞ্জ ও সদর উপজেলায় একটি শক্তিশালী ভিসা প্রতারক ও অবৈধ অনলাইন জুয়ার চক্র গড়ে উঠেছে। চক্রের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহার করে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে উচ্চ বেতনের চাকরির লোভনীয় প্রলোভন দিয়ে বিজ্ঞাপন প্রচার করত। সরল বিশ্বাসে বিদেশ যেতে আগ্রহীরা যোগাযোগ করলে তাদের হাতে ভুয়া পাসপোর্ট, ভিসা ও টিকিট ধরিয়ে দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হতো।

এর পাশাপাশি চক্রটি অনলাইনে ক্যাসিনো ও থাই জুয়ার অবৈধ ওয়েবসাইট পরিচালনা করে আসছিল। বিষয়টি নজরে আসার পর জেলা পুলিশ সাঁড়াশি অভিযানে নামে। গত জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত চক্রের ৬১ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসব অভিযানে ২২টি সাইবার নিরাপত্তা আইনের মামলায় ৮১ জন এজাহারনামীয় ও প্রায় ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার এ. বি. এম. ফয়জুল ইসলাম বলেন, “ভিসা প্রতারণা ও অবৈধ অনলাইন জুয়ার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে আমাদের টিম অত্যন্ত সজাগ রয়েছে। সুনির্দিষ্ট তথ্য পেলেই আমরা তাৎক্ষণিক অভিযান চালাচ্ছি। জেলাজুড়ে এ ধরনের অপরাধ দমনে পুলিশি তৎপরতা অব্যাহত থাকবে।”