মুক্ত স্বদেশ কমলারঙা স্বপ্নভঙ্গ! ডাচদের কাঁদিয়ে মরক্কোর রূপকথা | মুক্ত স্বদেশ

কমলারঙা স্বপ্নভঙ্গ! ডাচদের কাঁদিয়ে মরক্কোর রূপকথা


নিউজ ডেস্ক জুন ৩০, ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
কমলারঙা স্বপ্নভঙ্গ! ডাচদের কাঁদিয়ে মরক্কোর রূপকথা

নির্ধারিত সময়ের নাটকের পর টাইব্রেকারেও চলল চরম স্নায়ুযুদ্ধ। পেনাল্টি শুটআউটে একের পর এক মিসের মহড়ায় রোমাঞ্চ ছড়াল দুই দলই। শেষ পর্যন্ত পেনাল্টি ভাগ্যের এই অবিশ্বাস্য লড়াইয়ে নেদারল্যান্ডসকে ৩-২ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে মরক্কো। আর সেই সাথে প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হলো ডাচদের।

নির্ধারিত ৯০ মিনিট এবং এরপর অতিরিক্ত ৩০ মিনিটের খেলা ১-১ সমতায় শেষ হওয়ায় ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। সেখানে পাঁচটি পেনাল্টি মিসের শ্বাসরুদ্ধকর নাটকীয়তা শেষে শেষ হাসি হাসে মরক্কো।

টাইব্রেকারে নেদারল্যান্ডসের পক্ষে প্রথম শটে গোল করেন টিউন কুপমেইনার্স। তবে মরক্কোর নেইল এল আয়নাউয়ি এবং ডাচ ফরোয়ার্ড জাস্টিন ক্লাইভার্ট নিজেদের শট মিস করলে ম্যাচে টানটান উত্তেজনা তৈরি হয়। মরক্কোর পক্ষে সুফিয়ান রাহিমি গোল করে সমতা ফেরানোর পর ডাচদের হয়ে দ্বিতীয় গোলটি করেন ভাউট ভেগহোর্স্ট। এরপর শেমসদিন তালবির গোলে মরক্কো ফের সমতায় ফিরলে ডাচ তারকা কুইন্টেন টিম্বার্স বল পোস্টের বাইরে মারেন।

এরপর মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমি শট মিস করলে ডাচ শিবিরে আশার আলো জ্বলে ওঠে। কিন্তু পরের শটেই ডাচ ফরোয়ার্ড ক্রিসেনসিও সামারভিলের শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো। শেষ পর্যন্ত পঞ্চম ও চূড়ান্ত শটে কোনো ভুল করেননি মরক্কোর ইসমায়েল সাইবারি। তার নিখুঁত শটে গোল হতেই জার্সি খুলে বুনো উল্লাসে মেতে ওঠে পুরো মরক্কো দল।

এর আগে ম্যাচের ৭২ মিনিটে কোডি গাকপোর গোলে এগিয়ে গিয়ে জয়ের সুবাস পাচ্ছিল নেদারল্যান্ডস। তবে ইনজুরি টাইমের প্রথম মিনিটে (৯১ মিনিট) ইসা দিওপ গোল করে মরক্কোকে নাটকীয়ভাবে ম্যাচে ফেরান। ম্যাচটি অবশ্য অতিরিক্ত সময়েই মরক্কো জিতে যেতে পারত, কিন্তু ৯৬ মিনিটে মরক্কোর সুফিয়ান রাহিমির ‘পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ’ থেকে নেওয়া নিশ্চিত গোলের শট অবিশ্বাস্য দক্ষতায় ঠেকিয়ে দেন ডাচ কিপার বার্ট ভারব্রুগেন।

পুরো ম্যাচে ৬৮ শতাংশ বল পজেশন ধরে রেখে আধিপত্য দেখিয়েছে মরক্কো। ১১টি শটের ৫টি তারা লক্ষ্যে রাখে, যেখানে ডাচদের ৬টি শটের মাত্র ২টি লক্ষ্যে ছিল। এই হারের ফলে প্রথম বিশ্বকাপ জয়ের অধরা স্বপ্ন নিয়ে ২০৩০ আসর পর্যন্ত অপেক্ষা করতে হবে ডাচদের। অন্যদিকে, কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী ৪ জুলাই রাউন্ড অব সিক্সটিনে কানাডার মুখোমুখি হবে মরক্কো।