মুক্ত স্বদেশ ইন্টারনেট সংযোগের দাবিতে প্রতিবাদ করায় হাতুড়িপেটার শিকার যুবক | মুক্ত স্বদেশ

ইন্টারনেট সংযোগের দাবিতে প্রতিবাদ করায় হাতুড়িপেটার শিকার যুবক


নিউজ ডেস্ক অক্টোবর ৪, ২০২৬, ৬:২০ অপরাহ্ন
ইন্টারনেট সংযোগের দাবিতে প্রতিবাদ করায় হাতুড়িপেটার শিকার যুবক

পিরোজপুরের মঠবাড়িয়ায় ওয়াইফাই সংযোগের কথা বলে টাকা নিয়েও তা না দেওয়ায় প্রতিবাদ করায় ইয়াহিয়া ওরফে আলামিন (২৮) নামের এক যুবককে হাতুড়িপেটা করে রক্তাক্ত জখমের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওয়াইফাই ব্যবসায়ী মিজান সরদার ও তার সহযোগীদের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গত শনিবার (৩ অক্টোবর) রাতে আহত আলামিনের স্ত্রী লিমা আক্তার বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

আসামিরা হলেন—মঠবাড়িয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড সবুজনগর গ্রামের মোস্তফা সরদারের ছেলে মিজান সরদার (২৩), আলতাফের ছেলে জুয়েল (২৪), সোনা মৃধার ছেলে সাগর (২২), ইউনুসের ছেলে জুয়েল (২০) এবং হাফিজুর রহমানের ছেলে মামুন (৩৫)।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, মিজান সরদার পৌর শহরের বিভিন্ন এলাকায় ওয়াইফাই ইন্টারনেট সংযোগের ব্যবসা করেন। কিছুদিন আগে বাড়িতে ইন্টারনেট সংযোগ দেওয়ার কথা বলে তিনি ভুক্তভোগী আলামিনের কাছ থেকে ৪ হাজার টাকা নেন। কিন্তু টাকা নেওয়ার পরও সংযোগ না দেওয়ায় আলামিন ব্যবসায়ী মিজানের কাছে এর কারণ জানতে চান। এ নিয়ে সম্প্রতি তাদের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং মিজান তাকে দেখে নেওয়ার হুমকি দেন।

এরই ধারাবাহিকতায় গত ১ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয় সমবায় মার্কেটের জালাল নামের এক ব্যক্তির দোকানের সামনে আলামিনকে একা পেয়ে মিজান ও তার সহযোগীরা এলোপাতাড়ি হাতুড়িপেটা করেন। এতে আলামিনের মাথা ফেটে মারাত্মক রক্তক্ষরণ হয়। এ সময় তার ব্যবহৃত একটি মোবাইল ফোন ও পকেটে থাকা সাড়ে চার হাজার টাকাও ছিনিয়ে নেওয়া হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম মামলার সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।