মুক্ত স্বদেশ শ্রীপুরে পুকুরে বিষ প্রয়োগে ১৬ হাজার মাছ নিধন, ১২ লাখ টাকার ক্ষতি | মুক্ত স্বদেশ

শ্রীপুরে পুকুরে বিষ প্রয়োগে ১৬ হাজার মাছ নিধন, ১২ লাখ টাকার ক্ষতি


নিউজ ডেস্ক সেপ্টেম্বর ৫, ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শ্রীপুরে পুকুরে বিষ প্রয়োগে ১৬ হাজার মাছ নিধন, ১২ লাখ টাকার ক্ষতি

গাজীপুরের শ্রীপুরে পূর্ব শত্রুতার জেরে একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় সাড়ে ১৬ হাজার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে ক্ষতিগ্রস্ত মৎস্যচাষির প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদিঘী গ্রামের জগদীশ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মৎস্যচাষি বাহরাম বাদশাহ মাওনা ইউনিয়নের সিংগারদিঘী মেডিকেল মোড় এলাকার আফাজ উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় মো. আমিনের কাছ থেকে প্রায় এক একর জমির পুকুরটি ভাড়া নিয়ে মাছ চাষ করছিলেন।

ভুক্তভোগী বাহরাম বাদশাহ জানান, গত বুধবার বিকেলে পুকুরে মাছের খাবার দেওয়া হয়। পরদিন বৃহস্পতিবার সকালে পুকুরের মালিক আমিন তাকে মাছ মরে ভেসে ওঠার খবর জানান। প্রথমে গ্যাস বা অক্সিজেন সংকট ভেবে ওষুধ প্রয়োগ করা হলেও কোনো ফল মেলেনি। ধীরে ধীরে পুকুরের সব পাঙাশ, রুই ও তেলাপিয়া মাছ মরে ভেসে ওঠে। পুকুরে থাকা পাঙাশগুলোর প্রতিটির ওজন ৭০০ থেকে ৮০০ গ্রাম হয়েছিল এবং আগামী দুই মাস পর প্রায় ৩০ লাখ টাকায় এগুলো বিক্রির আশা ছিল তার। এই মাছ চাষে তার প্রায় ১২ লাখ টাকা খরচ হয়েছিল।

এ ঘটনায় পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ এনে শুক্রবার বিকেলে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল আলম জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।