
বগুড়ার শেরপুরের ‘মেসার্স জুয়েল ক্যাপ ডিপো’র নিবন্ধিত ব্র্যান্ড, নকশা (ডিজাইন) ও লোগো অবৈধভাবে নকল করে টুপি বাজারজাত করার অভিযোগে দুই বস্তা নকল টুপি আটক করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে শেরপুর ঢাকা কোচ টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, ধুনট উপজেলার মাসুদ শেখের ছেলে লিখন নকল ব্র্যান্ডের টুপি নিয়ে শেরপুর ঢাকা কোচ টার্মিনালে অবস্থান করছেন—এমন সংবাদ পেয়ে পুলিশকে খবর দেন মূল ব্র্যান্ডের মালিক। পরে পুলিশের উপস্থিতির কথা টের পেয়ে নকল টুপির দুই বস্তা ফেলে পালিয়ে যান লিখন। এ ঘটনায় মেসার্স জুয়েল ক্যাপ ডিপোর স্বত্বাধিকারী মোঃ জুয়েল আহমেদ বাদী হয়ে ধুনট ও শেরপুরের বাসিন্দা লিখনসহ ১২ জনের বিরুদ্ধে শেরপুর ও ধুনট থানায় পৃথক অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্ত অন্যরা হলেন: আলফার আলী, আশরাফ আলী (৩০), আব্দুল বারেক, আশরাফ আলী (৬০), রাজু মিয়া, মহসিন, রুহুল আমীন, নয়ন আলী, আব্দুর রাজ্জাক, আসাদুল ইসলাম মান্নান এবং আসাদুল ইসলাম। অভিযোগ সূত্রে জানা গেছে, মেসার্স জুয়েল ক্যাপ ডিপো দীর্ঘদিন ধরে কপিরাইট নিবন্ধিত (রেজিস্ট্রেশন নং সি আর এ- ৩২৫৫৮) নিজস্ব নকশা ও লোগো ব্যবহার করে টুপি তৈরি ও ব্যবসা পরিচালনা করে আসছে।
অভিযুক্তরা অনুমোদন ছাড়াই বেআইনিভাবে উক্ত নকশা ও লোগো ব্যবহার করে নিম্নমানের টুপি তৈরি ও বিক্রি করে আসছিলেন। এতে মূল প্রতিষ্ঠানটি আর্থিকভাবে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছিল। এর আগে গত ২৫ সেপ্টেম্বর ধুনট বাজার এলাকায় নকল টুপি বিক্রিতে বাধা দিলে মূল প্রতিষ্ঠানের মালিককে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, অভিযোগ হাতে পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :