
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর শিরোপা জয়ের পর এবার জেএফএ অনূর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের ‘হেক্সা’ (ষষ্ঠ) শিরোপা জয়ের লক্ষ্যে টাঙ্গাইলে পৌঁছেছে রংপুর প্রমিলা ফুটবল দল। শুক্রবার (৭ আগস্ট) থেকে আটটি দল নিয়ে টাঙ্গাইল স্টেডিয়ামে শুরু হওয়া এই প্রতিযোগিতার উদ্বোধনী দিনের দ্বিতীয় খেলায় বিকেলে ঝিনাইদহের মুখোমুখি হবে রংপুর।
জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) সহযোগিতায় ও বাফুফের আয়োজনে এই টুর্নামেন্টে ‘এ’ গ্রুপে লড়বে রংপুর, টাঙ্গাইল, ঝিনাইদহ ও চাঁপাইনবাবগঞ্জ। আগামী ৯ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ এবং ১১ আগস্ট স্বাগতিক টাঙ্গাইলের বিপক্ষে মাঠে নামবে রংপুরের মেয়েরা। ১৪ আগস্ট সেমিফাইনাল শেষে ১৬ আগস্ট অনুষ্ঠিত হবে ফাইনাল।
অধিনায়ক অনন্যা খানম ও স্মৃতি কিসকুর নেতৃত্বাধীন দলটিকে বিদায় জানাতে গত বুধবার পালিচড়া স্টেডিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে রংপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মনজুর হোসেন আজাদ, সহ-সভাপতি শামীম খান মিসকিন, জেলা ক্রীড়া কর্মকর্তা মাসুদ রানা ও বাফুফের কোচ মিলন মিয়াসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভাপতি মনজুর হোসেন আজাদ শিরোপা ধরে রাখতে পারলে খেলোয়াড়দের আকর্ষণীয় পুরস্কারের ঘোষণা দেন।
উল্লেখ্য, রংপুর দল ২০১৪, ২০১৬, ২০১৯, ২০২১ এবং ২০২৫ সালে পাঁচবার এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। দলের কোচ রুমা আক্তার ও অধিনায়ক অনন্যা খানম আশা প্রকাশ করেছেন, নতুন কুঁড়ি স্পোর্টসের শিরোপা জয়ের ধারাবাহিকতা ধরে রেখে এবারও রংপুরের মেয়েরা ষষ্ঠবারের মতো ট্রফি ঘরে তুলবে।
আপনার মতামত লিখুন :