
চার দশক ধরে যে বিদ্যাপীঠ ছিল তাঁর দ্বিতীয় ঘর, সেই স্কুল প্রাঙ্গণ থেকেই অশ্রুসজল নয়ন ও অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হয়ে বিদায় নিলেন প্রবীণ সহকারী শিক্ষক বেলা রানী দেব। দীর্ঘ ৪০ বছরের শিক্ষকতা জীবন শেষে প্রিয় শিক্ষিকাকে সম্মান জানাতে ফুলে সাজানো ঘোড়ার গাড়িতে চড়িয়ে এক রাজকীয় বিদায় সংবর্ধনার আয়োজন করেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীরা।
আবেগঘন এ বিদায় আয়োজনের দৃশ্য দেখা গেছে মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৮৭ সালে বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন বেলা রানী দেব। এরপর একই বিদ্যালয়ে কেটে গেছে চার দশক। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি কেবল পাঠদানই করেননি, বরং প্রজন্মের পর প্রজন্ম শিক্ষার্থীদের সঙ্গে গড়ে তুলেছিলেন নিবিড় আত্মিক সম্পর্ক।
বিদায়বেলায় প্রিয় শিক্ষিকার স্মৃতির কথা তুলে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন শিক্ষার্থীরা। সহকর্মীরা জানান, বেলা রানী দেব ছিলেন দায়িত্ববোধ, নিষ্ঠা ও নির্ভরতার অনন্য প্রতীক। স্কুলের প্রতিটি শ্রেণিকক্ষ ও করিডোরে তাঁর চার দশকের পদচারণার স্মৃতি জড়িয়ে থাকবে।
সংবর্ধনা শেষে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে প্রিয় শিক্ষিকাকে নিজ আবাসের পথে সম্মান জানান আয়োজকরা। শিক্ষার্থীদের ভালোবাসা দেখে বিদায়ী শিক্ষক বেলা রানী দেব বলেন, “দীর্ঘ ৪০ বছর ধরে চেষ্টা করেছি শিশুদের সর্বোচ্চ স্নেহ ও শিক্ষায় গড়ে তুলতে। বিদায়বেলায় সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে যে সম্মান ও ভালোবাসা পেয়েছি, তা কখনোই ভুলব না। এমন সুন্দর আয়োজনের কথা আমি চিন্তাও করিনি।”
আপনার মতামত লিখুন :